বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তার পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বান্ডো ডিজাইন। শুক্রবার উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো টার্ফে টাইব্রেকারে কমফিট কম্পোজিট নিটকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে দলটি। এ নিয়ে করপোরেট ফুটবল ফিয়েস্তায় তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বান্ডো ডিজাইন।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা থাকলেও নির্ধারিত সময় কোনও দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।এসময় বান্ডোর বদলি গোলরক্ষক রাজিব দুটি গোল সেভ করলে কমফিট কম্পোজিটকে ৪-৩ গোলে হারায় তারা।
বান্ডোর পক্ষে পিয়াশ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া ১১টি গোল করে কমফিটের আব্দুল্লাহর সঙ্গে যৌথ সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।
এদিকে করপোরেট ওপেন ক্যাটাগরির ফাইনালে উইনটেক্স ফ্যাশনসকে পেনার্টি শুটআউটে ৪-২ হারিয়ে শিরোপা জেতে নিও জিপার। নিও’র গোলরক্ষ তুহিন ম্যাচ সেরা নির্বাচিত হন।
করপোরেট ওপেন ক্যাটাগরির প্লেট ফাইনালে সেভ অ্যান্ড সার্ভ টাইব্রেকারে ১৪-১৩ গোলে টর্ক ফ্যাশনকে হারায়।
করপোরেট মাস্টার্স ক্যাটাগরিতে প্লেট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। তারা টাইব্রেকারে সিটি ব্যাংককে ৪-৩ গোলে হারায়।
এছাড়া মাস্টার্স বোল ফাইনালে টিম এক্স ১-০ গোলে এক্সিকিউটিভ ইলাভেনকে হারায়। মাস্টার্স ক্যাটাগরিতে এমটিবিকে পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে হারিয়ে তৃতীয় স্থান নির্বাচিত হয় থেরাপ বিডি।
বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক, ফিউশন স্পোর্টস, লায়লা গ্রুপ এবং পেট্রোম্যাক্স এলপিজি। টুর্নামেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে প্লান্টিক।








