ক্রিস্তিয়ানো রোনালদোর জনপ্রিয়তা কত উঁচুতে, তার প্রমাণ অন্যভাবে পাওয়া গেল এবার। মাঠের পারফরম্যান্সের সঙ্গে ব্যক্তিত্ব মিলিয়ে ইনস্টাগ্রামে সবাইকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ উইঙ্গার। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সবচেয়ে বেশি ফলোয়ার এখন রোনালদোর।
পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজকে টপকে সোমবার ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি ‘ফলোয়িং পারসন’ হয়েছেন জুভেন্টাস তারকা। ২০১৬ সাল থেকে ফলোয়িংয়ের দিক থেকে ইনস্টাগ্রামের শীর্ষস্থান ধরে রেখেছিলেন সেলেনা। সোমবার সংখ্যার বিচারে তাকে ছাড়িয়ে যান রোনালদো।
দুই বছর আগে আমেরিকান পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দেকে টপকে শীর্ষে বসেছিলেন ২৬ বছর বয়সী সেলেনা। বিনোদন জগতের এই তারকাকে সরিয়ে এখন ইনস্টাগ্রামের ‘কিং’ রোনালদো।
১৪ কোটি ৪০ লাখেরও বেশি ফলোয়ার এখন রোনালদোর। মাঠের ফুটবলে প্রতিনিয়ত নতুন রেকর্ডের জন্ম দেওয়া এই তারকা ব্যক্তিগত জীবন দিয়েও নজর কেড়েছেন কোটি ভক্তের। দুয়ে মিলিয়ে তারকাখ্যাতি তার আকাশচুম্বী। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ইনস্টাগ্রামের ‘সাফল্য’ জিমে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে উদযাপন করেছেন।
গত গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোতে রোনালদো নাম লিখিয়েছেন জুভেন্টাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গবেষকরা মনে করছেন, জুভেন্টাসে যোগ দেওয়ার পরই ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা আরও বেড়েছে রোনালদোর। কেননা, নতুন ক্লাবে যোগ দিয়ে তার ভক্তসংখ্যা বেড়ে গেছে অনেক।
ক্রীড়াঙ্গন থেকে সেরা দশ ফলোয়ারের মধ্যে আছেন কেবল আর একজন, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার রয়েছেন ১০ নম্বরে। প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের ফলোয়ার ১০ কোটি ৪০ লাখ। গোল ডটকম








