আগামী ১ ডিসেম্বর শুরু হবে স্বাধীনতা দিবস ফুটবল। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের গ্রুপিং চূড়ান্ত হয়েছে রবিবার, বাফুফে ভবনে।
‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগের সঙ্গে আছে সাইফ স্পোর্টিং ক্লাব ও বিজেএমসি। ‘বি’ গ্রুপে খেলবে গতবারের রানার্স-আপ চট্টগ্রাম আবাহনী, ঢাকা মোহামেডান, রহমতগঞ্জ ও নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব।
সদ্য ফেডারেশন কাপ জয়ী ঢাকা আবাহনী পড়েছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপের তিন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরেক নবাগত বসুন্ধরা কিংস।
চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেলবে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনাল হবে ১৯ ও ২০ ডিসেম্বর, আর ফাইনাল ২৪ ডিসেম্বর। সব ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।








