ছোটখাটো হাসপাতালে পরিণত হয়েছে বার্সেলোনা। চোটের মিছিল এতটাই লম্বা যে, দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে কোচ এরনেস্তো ভালভারদেকে! মৌসুমের এই পর্যায়ে একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়ায় আন্তর্জাতিক ফুটবলের ওপর দায় চাপালেন তিনি।
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চোটে পড়েছেন বার্সেলোনার তিন খেলোয়াড়। লুই সুয়ারেসের সঙ্গে এই তালিকায় যোগ দিয়েছেন রাফিনিয়া ও সের্হি রবের্তো। তার আগে আর্থার ও ইয়াসপার সিলেসেনকেও হারায় কাতালানরা। পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের স্কোয়াড সাজাতে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল কোচ ভালভারদেকে।
বুধবার রাতে ডাচ প্রতিপক্ষের ঘরের মাঠে নামছে কাতালান জায়ন্টরা। নকআউট পর্ব নিশ্চিত হওয়া বার্সেলোনা মাঠে নামার আগেই লড়াই করতে হচ্ছে চোটের সঙ্গে। বিশেষ করে সুয়ারেস ও রবের্তোর ছিটকে যাওয়া বিপদ আরও বাড়িয়েছে তাদের। তাদের আগে একই সমস্যায় মাঠের বাইরে থাকতে হয়েছে ইভান রাকিতিচ ও ফিলিপে কৌতিনিয়োকে। পিএসভি ম্যাচের স্কোয়াডে তারা ফিরলেও খেলার নিশ্চয়তা দিতে পারেননি ভালভারদে।
একের পর এক চোটের ধাক্কার কারণ হিসেবে আন্তর্জাতিক ফুটবলের দিকে আঙুল তুলেছেন বার্সা কোচ। গত কয়েক মাসে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ থাকায় খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। তাই দায়টা সেদিকেই চাপিয়েছেন ভালভারদে, ‘ব্যাপারটা এমন নয় যে, খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলতে দিতে রাজি নই আমরা। তবে এই বিষয়টির কারণে আমাদের খেসারত দিতে হচ্ছে। অনেক খেলোয়াড় কাকতালীয়ভাবে একসঙ্গে চোটে পড়ছে।’
লিওনেল মেসিও চোটের কারণে বেশ কিছুদিন ছিলেন দলের বাইরে। সেই বিষয়টিও উল্লেখ করেছেন বার্সেলোনা কোচ, ‘গোটা মৌসুমেই আমরা এই (চোটের) সমস্যায় মধ্যে দিয়ে যাচ্ছি। চ্যাম্পিয়নস লিগের শেষ দুই ম্যাচ আমাদের খেলতে হয়েছিল লিওনেল মেসিকে ছাড়া।’ গোল ডটকম








