ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ব্যর্থতায় মঙ্গলবার বরখাস্ত হন হোসে মরিনহো। এক দিন পরই তার জায়গায় দায়িত্ব পেলেন উলা গুনার সুলশার। এই মৌসুমের বাকি সময়ের জন্য নরওয়েজিয়ান কোচকে অন্তর্বর্তীকালীন হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানইউ।
এক দশকেরও বেশি সময় ধরে রেড ডেভিলদের জার্সিতে খেলেছেন সুলশার। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলে ৬টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। সাবেক ফরোয়ার্ড গোল করেছেন ৯১টি।
ওল্ড ট্র্যাফোর্ডে খেলোয়াড়ি জীবন শেষে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউনাইটেডের রিজার্ভ দলের কোচ ছিলেন সুলশার। তারপর যোগ দেন মোলদের সঙ্গে। দ্বিতীয় দফায় ২০১৫ সালে আবারও পুরানো ক্লাবে ফিরে যান ৪৫ বছর বয়সী কোচ। সেখান থেকেই আবার ইউনাইটেডে গেলেন তিনি।
সুলশার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমার অন্তরে। এই ভূমিকায় ফিরে আসতে পারা আমার জন্য চমৎকার। খুব প্রতিভাবান দলের সঙ্গে কাজ করার জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি, এই ক্লাবের প্রত্যেকে দারুণ।’
সুলশার ‘সুপার সাব’ হিসেবেই ইউনাইটেডে বেশি পরিচিত। ১৯৯৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বেঞ্চ থেকে উঠে এসে ইনজুরি সময়ে জয়সূচক গোল করেন। তাতে ৩০ বছরে প্রথমবার ইউরোপিয়ান মুকুট জেতে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। দুটি এফএ কাপও আছে তার দখলে।
আন্তর্জাতিক ফুটবলে সুলশার নরওয়ের হয়ে ৬৭ ম্যাচ খেলেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ দলে ছিলেন তিনি, খেলেছেন শেষ ষোলোতে। গোল ডটকম








