উজবেক ফরোয়ার্ড আলিশের আজিজোভের জোড়া গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র সেমিফাইনালে হারাল ব্রাদার্স ইউনিয়নকে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলের জয়ে ৫ বছর পর স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে তারা।
সবশেষ ২০১৩ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে একমাত্র স্বাধীনতা কাপ ট্রফি জিতেছিল শেখ রাসেল।
সাবেক ট্রেবল জয়ীরা সোমবার শিরোপার লড়াইয়ে নামবে। তাদের প্রতিপক্ষ কে, জানা যাবে বৃহস্পতিবার আবাহনী ও বসুন্ধরা কিংসের সেমিফাইনাল শেষে।
বল দখলের লড়াইয়ে শুরু থেকে এগিয়ে ছিল শেখ রাসেল। অবশেষে ৪৫তম মিনিটে ডানপ্রান্ত থেকে রাফায়েলের ক্রসে ৬ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন আজিজোভ।
বিরতির পর ফিরে এসে উজবেক ফরোয়ার্ড আবারও ব্রাদার্সের জালে বল জড়ান। খালেকুজ্জামানের ক্রস থেকে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আজিজোভ।
অবশ্য তৃতীয় মিনিটে গোল পেতে পারতো শেখ রাসেল। দ্রুত বল নিয়ে ব্রাদার্সের গোলমুখে এগোতে থাকেন রাফায়েল। কিন্তু বক্সের সামনে তিনি শট নিতে ব্যর্থ হন আশরাফুল করিমের ট্যাকলে।
ব্রাদার্সের আক্রমণভাগের দুই ব্রাজিলিয়ান লিওনার্দো লিমা ও এভারটন সোজা সুযোগ নষ্ট করেন। ১২তম মিনিটে বক্সের মাঝ থেকে লিওনার্দো লিমার হেড সরাসরি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে ধরা পড়ে। তারপর থেকে বাকি সময় শেখ রাসেলের আক্রমণভাগকে রুখতেই ব্যস্ত ছিল ব্রাদার্স।








