শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেন্ত জার্মেই। ২০১৮ সালের শেষ ম্যাচটিতে খেলা হচ্ছে না নেইমারের। চোটগ্রস্ত এই ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চান না পিএসজি কোচ থোমাস টুখেল, তাই তাকে ব্রাজিলে যাওয়ার অনুমতি দিয়েছেন জার্মান কোচ।
গত কয়েক সপ্তাহ ধরে কুঁচকির চোটে ভুগছেন নেইমার। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে ছিল ঘোর সংশয়। শেষ পর্যন্ত মাঠে নেমে পিএসজির শেষ ষোলো নিশ্চিতের পথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই ম্যাচের পর এক সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের ঘোষণা ছিল, ‘ফিরেছি শতভাগ ফিট হয়ে’।
যদিও পিএসজি কোচ টুখেল তার দলের সেরা খেলোয়াড়কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না। তাই সেরে ওঠার কাজের জন্য নেইমারকে ব্রাজিলে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন। যাতে নঁতের বিপক্ষে বছরের শেষ ম্যাচে খেলা হচ্ছে না সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের।
শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘আমার অনুমতি নিয়েই নেইমার ব্রাজিল চলে যাচ্ছে। রেড স্টারের বিপক্ষে ও চোট নিয়ে খেলেছিল। খুব ঝুঁকিপূর্ণ ছিল।’ দলের প্রধান অস্ত্রকে নিয়ে আর কোনও ঝুঁকিতে যেতে চান না জার্মান কোচ, ‘আমরা ভীষণ খুব যে, ওই ম্যাচে খারাপ কিছু ঘটেনি। নেইমার সবসময়ই খেলতে চায়, তবে এটা ঝুঁকি নেওয়ার সময় নয়।’
গত ফেব্রুয়ারিতে অ্যাঙ্কেলের চোটে শেষ হয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মৌসুম। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে তার চোটে বড় ধাক্কা খেয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। এবার তাকে নিয়ে তাই বেশিই সতর্ক পিএসজি। গোল ডটকম








