তরুণ প্রজন্মকে অসামাজিক কাজ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘তরুণদের মাদকাসক্তি ও জঙ্গিবাদ সহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা অগ্রণী ভূমিকা পালন করে।’
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘বর্তমান সরকার দেশের খেলাধুলার উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। আশা করি, সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউজ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসবে। তা হলেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আসবে আমাদের।’
বঙ্গবন্ধুর খেলাধুলার প্রতি অনুরাগের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ক্রীড়াঙ্গনের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। ফুটবল ছিল জাতির পিতার সবচেয়ে প্রিয় খেলা। তিনি হকি ও ভলিবল খেলাতেও পারদর্শী ছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। তিনি নিজেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করতেন। এ থেকেই বোঝা যায়, খেলাধুলার প্রতি তার কতটা আগ্রহ ছিল।’
অনূর্ধ্ব-১৭ বছর বয়সী ফুটবলারদের এই টুর্নামেন্ট থেকে অনেক প্রতিভা খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদী রাষ্ট্রপতি, ‘ফুটবলকে আরও জনপ্রিয় করার পাশাপাশি এই টুর্নামেন্ট প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সাহায্য করবে। আশা করি, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে।’








