ঢাকার ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন স্পেনের মানুষ। কয়েকজন বিদেশি খেলোয়াড়ও এখন বসুন্ধরায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য এ বছর বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেস। ঢাকায় একটু অন্যরকম বড়দিন কাটালেন তারা।
বুধবার স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। সামনে বড় টুর্নামেন্টের ফাইনাল, তাই বড়দিনের আগের দিন অনুশীলনে ব্যস্ত ছিলেন বসুন্ধরার বিদেশি কোচ এবং খেলোয়াড়রা। কোলিনদ্রেসের সঙ্গে অনুশীলন করেছেন স্প্যানিশ ডিফেন্ডার জর্জ গোতর, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস। অনুশীলনের পর ক্লাবেই বড়দিন উদযাপন করেছেন তারা।
ব্রুজন জানালেন, স্বাধীনতা কাপের শিরোপাই হবে তার জন্য বড়দিনের সবচেয়ে বড় উপহার, ‘ফাইনালের আগের দিন বলে আমরা সেভাবে বড়দিন উদযাপন করছি না। শিরোপা জিতেই বড়দিন উদযাপন করতে চাই। আজ অবশ্য পরিবারের সবাইকে মিস করছি।’
বসুন্ধরার ম্যানেজার জোবায়ের নিপুর কথা, ‘বড়দিনের সময় কোচ এবং বিদেশি খেলোয়াড়রা নিজের দেশে যেতে পারছেন না। তাই ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য এই আয়োজন। আমরা কেক কেটে বড়দিন উদযাপন করেছি।’








