প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে রোমাঞ্চের জন্ম দিলেও হার এড়াতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-২ গোলে হারিয়েছে গোপীবাগের দলটিকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় ব্রাদার্স। শেখ রাসেলের নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উদোকা ফাউল করেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমাকে। পেনাল্টি থেকে লিমাই লক্ষ্যভেদ করেন।
পরের মিনিটে সমতা নিয়ে আসে শেখ রাসেল। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের থ্রো-ইন মিডফিল্ডার সোহেল রানা হেড করার পর নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িনের আরেকটি হেড জড়িয়ে যায় জালে।
২০ মিনিটে ওদোয়িনের গোলেই এগিয়ে যায় শেখ রাসেল। উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশেরের লম্বা থ্রু ধরে এগিয়ে আসা গোলকিপার বিপ্লব ভট্টাচার্যকে পরাস্ত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
৩৭ মিনিটে আবার ম্যাচে সমতা। মিডফিল্ডার মান্নাফ রাব্বীর লম্বা করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে দারুণ শটে লিমা করেন ২-২।
৭৭ মিনিটে আত্মঘাতী গোলে সর্বনাশ হয় ব্রাদার্সের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেক্স রাফায়েল দি সিলভার ফ্রি-কিক হেড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার আশরাফুল করিম। আর এই গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় শেখ রাসেলের।








