দাপট দেখিয়েই চলেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এবার নবাগত দলটির শিকার ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার ২-০ গোলের জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তাতে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়লো তারা।
এই জয়ে আবাহনীকে টপকে আবারও শীর্ষস্থানে বসেছে বসুন্ধরা কিংস। দিনের আগের খেলায় মোহামেডানকে হারিয়ে আবাহনী শীর্ষে উঠে গিয়েছিল। ৮ ম্যাচ শেষে বসুন্ধরার পয়েন্ট ২২। আর এক ম্যাচ বেশি খেলা আবাহনীর পয়েন্ট ২১।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল বসুন্ধরা কিংসের আধিপত্য। ২০ মিনিটে কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের শট সাইড বারের পাশ দিয়ে যায়। মিনিট দশেক পর সতীর্থের ক্রস থেকে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার হেড বারের ওপর দিয়ে গেলে অপেক্ষা বাড়ে তাদের।
তবে ৩৪ মিনিটে আর হতাশ হতে হয়নি। জটলা থেকে গোল করে দলকে এগিয়ে নেন কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দেশোবিকোভ।
বিরতির পরও কমেনি বসুন্ধরার আক্রমণের ধার। ৫৭ মিনিটে কোলিনদ্রেসের শট সাইড বারে লেগে ফিরে আসলে কিছুটা হতাশ হতে হয়। পরের মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের শট বারের ওপর দিয়ে যায়।
ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে গোলের দেখা পান কোলিনদ্রেস। মার্কোসের পাস থেকে কোস্টারিকান এই ফরোয়ার্ড প্লেসিং করে লক্ষ্যভেদ করেন।
সিলেটে শেখ রাসেলও ২-০ গোলে জিতেছে নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে। লক্ষ্যভেদ করেছেন নাইজেরিয়ান রাফায়েল ওদোয়িন ও উজবেকিস্তানের আজিজভ আলিসের। ম্যাচের ৭০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স রাফায়েল লাল কার্ড দেখেন, তাই বাকি সময়টা শেখ রাসেলকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।
৮ ম্যাচে ৬ জয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে আগের ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে নোফেল।








