পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে বিজয়ের আনন্দ বাংলাদেশের। গত শনিবার কম্বোডিয়ার মাঠে ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে লাল-সবুজ দল। এই সাফল্যের অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের কোচ জেমি ডে’র।
আপাতত জাতীয় দলের কোনও খেলা নেই। ফিফা আন্তর্জাতিক সূচির পরবর্তী ধাপ ৩ থেকে ১৩ জুন। তার আগে যে কোনও দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চান জেমি ডে। বাংলা ট্রিবিউনকে এই ইংলিশ কোচ বলেছেন, ‘সম্মিলিত চেষ্টায় কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সবাই কঠোর পরিশ্রম করেছে। এই জয়ের কৃতিত্ব দলের প্রত্যেকের। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ফিফা প্রীতি ম্যাচ ছাড়াও অন্য ম্যাচ খেলতে হবে আমাদের। ছেলেরা যত বেশি ম্যাচ খেলবে, তত তাদের উন্নতি হবে। আর তাহলে ফিফা র্যাংকিংয়েও এগিয়ে যাবে বাংলাদেশ।’
কম্বোডিয়ার পর জেমি ডে’র সামনে বাহরাইনের মিশন। ২২ মার্চ শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব, যেখানে ‘বি’ গ্রুপের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাহরাইন। বাছাই পর্বের ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপের সঙ্গে টুর্নামেন্টের মূল পর্বে সরাসরি খেলবে স্বাগতিক থাইল্যান্ড। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় মূল পর্বের সেরা তিনটি দল টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাবে।
কাতারে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে বাহরাইন যাবে বাংলাদেশ দল। রবিবার গভীর রাতে ঢাকায় ফিরে সোমবার বিকেলে শিষ্যদের নিয়ে কাতার রওনা হয়েছেন জেমি ডে। বিমানে ওঠার আগে তিনি বলেছেন, ‘এএফসি চ্যাম্পিয়নশিপে আমরা কঠিন গ্রুপে পড়েছি। বাহরাইনে আমাদের খুব ভালো খেলতে হবে। আশা করি, কাতারে ছেলেদের প্রস্তুতি ভালো হবে।’
কম্বোডিয়ার বিপক্ষে জয়সূচক গোলদাতা রবিউল হাসানও বাহরাইনে সাফল্য পেতে আশাবাদী, ‘কম্বোডিয়ার বিপক্ষে গোল করেছি, বাহরাইনেও গোল করতে চাই। আমাদের প্রতিপক্ষরা অনেক শক্তিশালী। তবে আমরা ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করবো।’








