ম্যানচেস্টার সিটি আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে। শনিবার বের্নার্দো সিলভা ও সের্হিও আগুয়েরোর গোলে ফুলহ্যামের মাঠে জিতেছে তারা। ২-০ গোলে জিতে লিভারপুলকে পেছনে ফেলে অন্তত রবিবার পর্যন্ত এক নম্বর আসনটি নিজেদের করে নিলো সিটিজেনরা। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে।
৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট ম্যানচেস্টার সিটির। সমান খেলে ৭৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে লিভারপুল। রবিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলে আবারও সিটিজেনদের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নেওয়ার সুযোগ ইয়ুর্গেন ক্লপের দলের সামনে। ৩১ ম্যাচ খেলে ম্যানইউ শীর্ষ চারে জায়গা করে নিয়েছে। ৬১ পয়েন্ট নিয়ে তারা আর্সেনালকে টপকে চতুর্থ স্থানে।
ফুলহ্যামের রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে আধঘণ্টার মধ্যে দুই গোল করে ম্যানসিটি। তিন মিনিটে তারা প্রথম শট নেয়, কিন্তু ডিফেন্ডারের গায়ে লেগে ব্যর্থ হয় ওলেক্সান্দার জিনচেঙ্কোর চেষ্টা।
পরের মিনিটে ভুল করে বসে স্বাগতিকরা। গোলরক্ষক সের্হিও রিকো বল বিপদমুক্ত করতে গেলে আগুয়েরোর কাছে দেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট প্রতিহত হয় ফুলহ্যাম ডিফেন্ডারের কাছে।
তবে এই ভুল থেকে শিক্ষা নেয়নি ফুলহ্যাম। ৫ মিনিটে বক্সের বাইরে তাদের খেলোয়াড় টিমোথি ফোসু-মেনসার দুর্বল পাস পেয়ে যান সিলভা, খুব সহজেই নিচু ও কোনাকুনি শটে গোলমুখ খোলেন তিনি।
তারপর কেভিন ডি ব্রুইন ও ইকে গুন্দোগানকে দারুণ সেভে ব্যর্থ করেন রিকো। কিন্তু ২৭ মিনিটে আবারও রক্ষণের ভুলে গোলপোস্ট বাঁচাতে পারেননি ফুলহ্যাম গোলরক্ষক। জো ব্রায়ানের ভুল পাসে বল পান সিলভা, তার বানিয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো।
দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দির শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। কাইল ওয়াকার শট নেন পোস্টে। তাতে গোল ব্যবধান বাড়াতে না পারলেও জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
দিনের আরেক ম্যাচে ম্যানইউ জিতেছে মার্কাস র্যাশফোর্ড ও অ্যান্থনি মার্শালের গোলে। ২৮ মিনিটে র্যাশফোর্ড গোলমুখ খোলেন। মার্শাল ব্যবধান দ্বিগুণ করেন ৭২ মিনিটে। খেলার শেষ মুহূর্তে আব্দুল্লাহ দোকুরে একটি গোল শোধ দেন ওয়াটফোর্ডের পক্ষে।








