বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের সেরা হরিপুর ও পাঁচরুখী স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৯:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:৪৫

বঙ্গবন্ধু গোল্ডকাপ জয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপে শিরোপা জিতেছে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি ফাইনাল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হারিয়েছে নীলফামারী সদরের দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বিজয়ী দলের হয়ে প্রথমার্ধেই জয়সূচক গোলটি করে সালমান আহমেদ।

দলকে শিরোপা জেতাতে পেরে সালমান ভীষণ খুশি, ‘আসলে সত্যিই আমি আশা করতে পারিনি এত বড় টুর্নামেন্টে খেলব। আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা টুর্নামেন্টে খেলার। খেলতে পেরে বেশ ভালো লাগছে। তারপর আবার আমার গোলেই দল জিতেছে। কোচ আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন। সামনে যদি আরও সুযোগ-সুবিধা পাই, তাহলে অনেক বড় ফুটবলার হতে চাই। বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই।’

হরিপুর স্কুলের কোচ মো. শরীফ উদ্দিন ফাইনাল জিতে উচ্ছ্বসিত, ‘আমাদের এলাকার মানুষ খুবই খেলা পাগল। গত কয়েক মাস ধরে আমরা অনুশীলন করে আসছি। ছেলেরা ভালো খেলেছে। স্কুলের শিক্ষকরা সাহায্য করেছে। সবার সহযোগিতায় আজ আমরা ফাইনাল জিতেছি।’

ছেলেদের প্রতিযোগিতার পর বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হারিয়েছে লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে দলকে জয় এনে দেয় প্রমি আক্তার তাসমি।

বঙ্গমাতা গোল্ডকাপ জয়ী মেয়েদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছে। তাদেরকে অনুসরণ করছে প্রমি। শিরোপা জেতার পর এই খুদে ফুটবলারের উচ্ছ্বাস, ‘প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে পেরে বেশ ভালো লাগছে। আত্মবিশ্বাস ছিল ভালো খেলা উপহার দিতে পারব, তা দিতে পেরে আমি খুশি। ভবিষ্যতে সাবিনা আপুদের মতো বড় খেলোয়াড় হতে চাই।’

কোচ মকবুল হোসেন শিরোপা জেতার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সফল হওয়ায় উল্লাসটা তার একটু বেশিই, ‘গতবার রানার্স-আপ হয়েছিলাম। এবার শিরোপার লক্ষ্য নিয়ে খেলতে নেমে সফল হয়েছি। এজন্য খেলোয়াড়দের অবদান বেশি। তারা বেশ পরিশ্রম করেছে। এছাড়া আমি এর আগে কলসিন্দুর স্কুলে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অবদান রেখেছি।’

দুই বিভাগে চ্যাম্পিয়ন দল পেয়েছে ৩ লাখ টাকা করে। রানার্স-আপ ২ লাখ ও তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছে ১ লাখ টাকা করে। এছাড়া দুই বিভাগে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাও পেয়েছে পুরস্কার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী