আগের ফিফা র্যাংকিংয়ে অবস্থান ছিল ১৯২। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮। এই উন্নতিতে আনন্দিত জাতীয় দলের কোচ জেমি ডে।
গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে র্যাংকিংয়ে উন্নতির কথা বলছেন তিনি। ৯ মার্চ কম্বোডিয়ার মাটিতে ফিফা প্রীতি ম্যাচ জয়ের সুফল পেয়েছে বাংলাদেশ। খুব বেশি হয়তো নয়, তবে চার ধাপ এগিয়েই জেমি ডে খুশি।
শিষ্যদের কৃতিত্ব দিয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ফিফা র্যাংকিংয়ে উন্নতির পেছনে খেলোয়াড়দের অবদান সবচেয়ে বেশি। তারা চেষ্টা করেছে বলেই সাফল্য এসেছে। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে।’
আগামী জুনে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব। র্যাংকিংয়ের নিচের দিকে থাকায় বাংলাদেশকে হয়তো প্রাক-বাছাই পর্ব খেলতে হবে। আর তাহলে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে পারে দল।
বাংলাদেশের ইংলিশ কোচ অবশ্য প্রতিপক্ষ নয়, শুধু সাফল্য নিয়ে ভাবছেন, ‘১৭ এপ্রিল বিশ্বকাপ বাছাই পর্বের ড্র হবে। যাদের বিপক্ষেই খেলা হোক না কেন, আমাদের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।’








