আগামী বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে নামবে বার্সেলোনা। ওল্ড ট্র্যাফোর্ডের এই লড়াইয়ে লিওনেল মেসিকে মার্ক করা কঠিন হলেও কাতালানদের বিপক্ষে জয় দেখছেন সাবেক ম্যানইউ স্ট্রাইকার অ্যান্ডি কোল।
শেষ ষোলোর প্রথম লেগে ম্যানইউ ঘরের মাঠে পিএসজির কাছে হেরেছিল। কিন্তু দ্বিতীয় লেগে ফরাসিদের মাঠে অকল্পনীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা। তেমনই বার্সার বিপক্ষে জেতা অকল্পনীয় মনে হলেও সেটা সত্যি হতে পারে মনে করছেন কোল।
১৯৯৮-৯৯ মৌসুমে ম্যানইউর ট্রেবল জয়ী দলের সাবেক স্ট্রাইকারের মতে, চ্যাম্পিয়নস লিগ ট্রফিতে আরও একবার হাত রাখার আশায় বড় বাধা হয়ে দাঁড়াবেন মেসি। ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটকে কোল বলেছেন, ‘তাদের দলে একজন খুদে জাদুকর আছে। সে (মেসি) যদি খেলে, আমি বলছি না যে তাকে মার্ক করে থামাতে হবে; কারণ সেটা আপনি পারবেন না। সে যদি খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে ভালোই খেলবে। কারণ সে দুর্দান্ত। আমাদের অপেক্ষা করতে হবে।’
ফেভারিট হিসেবে বার্সা খেলবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু উলা গুনার সুলশারের দলের ওপর আস্থা আছে কোলের। ম্যানইউতে ৫টি লিগ জেতা সাবেক এই স্ট্রাইকারের বিশ্বাস, অঘটন ঘটাবে তার পুরানো ক্লাব, ‘যে কোনও কিছু সম্ভব। আমরা পিএসজি বাধা পার হওয়ার প্রত্যাশা করিনি কিন্তু সেটা করে দেখিয়েছি। আমরা জানি বার্সা খুব ভালো ও বিশেষ দল। আমি মনে করি আমাদের যা করতে হবে সেটা হলো নিজের মতো করে খেলা উচিত ম্যানইউর।’
১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগের কথা মনে করিয়ে দিলেন কোল, ‘আমরা এমনটা করেছিলাম ৯৯ এর চ্যাম্পিয়নস লিগ জেতার পথে। বার্সেলোনার বিপক্ষে দুই লেগই হয়েছিল ৩-৩ গোলের ড্র। দুই দলই আগ্রাসী ফুটবল খেলেছে, যেটায় আমরা অভ্যস্ত। ঠিক সেটাই করতে হবে আমাদের।’ গোল ডটকম








