ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে তাদের আগেই, এখন হার-জিত খুব একটা প্রভাব ফেলবে না পয়েন্ট টেবিলে। তারপরও চ্যাম্পিয়ন দলের হেরে যাওয়াটা বড় ধাক্কাই। এর ওপর আগের ম্যাচেই যেখানে প্যারিস সেন্ত জার্মেই খুঁইয়েছে ফরাসি কাপের শিরোপা। ওই হারের ক্ষত শুকানোর আগেই পিএসজি আবারও হেরে গেছে।
মঙ্গলবার রাতে মঁপেলিয়েরের মাঠ থেকে ৩-২ গোলের হার নিয়ে ফেরেছে পিএসজি। দুই দফা এগিয়ে থাকার পরও হারের হতাশা সঙ্গী হয়েছে তাদের। যাতে নেইমারের দুঃসময়টা আরও দীর্ঘ হচ্ছে। চোট কাটিয়ে মাঠে ফেরার পর টানা দ্বিতীয় ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
লা মসোঁতে ১২ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। মঁপেলিয়ের খেলোয়াড় আমব্রোসি ওয়িনগি নিজেদের জালে বল জড়ালে আনন্দে মাতে সফরকারীরা। যদিও ফরাসি চ্যাম্পিয়নদের উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২১ মিনিটে আত্মঘাতী গোলেই সমতায় ফেরে স্বাগতিকরা। পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে নিজেদের জালে বল জড়িয়ে দেন।
১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ঘুরে এসে আবারও এগিয়ে যায় পিএসজি। ৬২ মিনিটে তাদের লিড এনে দেন আনহেল দি মারিয়া। তবে ৮০ মিনিটে মঁপেলিয়েরকে সমতায় ফেরান অ্যান্ড্রে ডেলোর্ট। মিনিট পাঁচেক পর সলেমান কামেরা জাল খুঁজে পেলে জয়ের আনন্দে মাতে স্বাগতিকরা। গোল ডটকম








