নিজেকে শুরুতে মেলে ধরতে পারেননি লিওনেল মেসি। যখন জ্বলে উঠলেন, তখন পুড়ে ছাই লিভারপুল। প্রথম গোলটি ভাগ্যের জোরে পেলেও দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলেন দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। ৩০ গজ দূর থেকে নেওয়া শটে বল ভেসে বাঁক খেয়ে গোলপোস্টের কোনা দিয়ে জালে ঢোকে। এই গোলের পর নিজেকে ‘ভাগ্যবান’ দাবি করলেন বার্সেলোনা অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বুধবার ন্যু ক্যাম্পে ৩-০ গোলের জয়ে মেসি দুইবার জালে বল পাঠান। তার আগে লুই সুয়ারেস তার সাবেক ক্লাবের বিপক্ষে জাল খুঁজে পান। দারুণ এই জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলে বার্সা।
প্রথমার্ধ নিজেদের সেরাটা দিতে পারেনি বার্সা। এক গোলে এগিয়ে গেলেও তাদের বিপক্ষে সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে লিভারপুল। কিন্তু মেসি জাদুতে অল রেডদের সব চেষ্টা ধুলায় মিশে গেছে।
ম্যাচ শেষের বাঁশি বাজার পর ইতালিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি তার দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একে চমৎকার বলেছেন তিনি। অবশ্য দলকে মাটিতে পা রাখার আহ্বান ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের। ৬ দিনের ব্যবধানে দ্বিতীয় লেগে একই পারফরম্যান্স করতে হবে বললেন তিনি।
মেসি বলেছেন, ‘আরও বেশি গোল করার সুযোগ ছিল আমাদের। কিন্তু আজ রাতে আমাদের অবশ্যই খুশি হওয়া দরকার। আমরা জানি লড়াই শেষ হয়ে যায়নি। তাদের মাঠে এখনও খেলা বাকি। খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তারা এই ছন্দে খেলতে অভ্যস্ত, শরীর দিয়ে এবং অনেক কাউন্টার অ্যাটাকে। আমরা এখন খুব ক্লান্ত। কিন্তু দ্বিতীয় লেগে এভাবেই খেলতে হবে আমাদের।’
দ্বিতীয়ার্ধে লিভারপুল কয়েকটি সুযোগ পেলেও তাদের চেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। মেসি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছিলাম। দ্বিতীয়ার্ধে তারা খুব ভালো খেলেছে। দারুণ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা। আমরা ভালোভাবে সেগুলো প্রতিহত করেছি। আমি ভাগ্যবান যে গোলপোস্টের কোনা দিয়ে গোল হলো। এটা ছিল সুন্দর মুহূর্ত। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ গোল ডটকম








