বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১২ ম্যাচ খেলে ৭ নম্বরে তারা। নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসির অধীনে সুবিধা করতে পারেনি। এরই মধ্যে ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিদায় নিয়েছেন আফুসি, তার উত্তরসূরি হয়েছেন শফিকুল ইসলাম মানিক।
বৃহস্পতিবার অনুশীলনে শেখ জামালের দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের সাবেক এই ডিফেন্ডার। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন তিনি। ২০১৬ সালে মাত্র ৬ মাসের জন্য ধানমন্ডি ক্লাবটির কোচ হন মানিক। তিন বছর পর আবারও একই ভূমিকায় দেখা যাবে তাকে। শেখ জামালের কোচ হয়ে উচ্ছ্বসিত মানিক, ‘টিম ম্যানেজমেন্ট আবারও আমার ওপর আস্থা রাখায় তাদের ধন্যবাদ জানাই। দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া আমার এখনকার চ্যালেঞ্জ।’
নিজের লক্ষ্যের কথা জানালেন মানিক, ‘চ্যাম্পিয়ন কিংবা রানার্স-আপ হওয়া তো আর সম্ভব না। শীর্ষ কয়েকটি দলের মধ্যে থাকতে পারলে ভালো লাগবে।’ ১৯৯৬ সাল থেকে মোহামেডানে কোচিং ক্যারিয়ার শুরু হয় তার। এএফসি ‘এ’ লাইসেন্সধারী কোচ হয়ে পরে মুক্তিযোদ্ধা, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীতেও দায়িত্ব পালন করেন। জাতীয় দলেও তার কোচিং করানোর অভিজ্ঞতা আছে।
গত এপ্রিলেই আফুসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে পদটি ফাঁকা ছিল। দলের বাজে পারফরম্যান্সের কারণে তার সঙ্গে চুক্তি বাড়ায়নি। ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেছেন, ‘আফুসির সঙ্গে আমাদের চুক্তি শেষ। তার জায়গায় আমরা মানিক ভাইকে কোচ করেছি। তাছাড়া আর্জেন্টাইন ট্রেইনার কোলম্যানও দেশে ফিরে যাচ্ছেন।’
পারস্পরিক সমঝোতায় ফিরে যাওয়ার কথা জানালেন আফুসি, ‘দল ভালো জায়গায় নেই। তাছাড়া আমার চুক্তিও শেষ। তাই দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়ে মনে হয়েছে, আমার চলে যাওয়াই ভালো।’







