লিভারপুল এমনিতেই চাপে আছে, এর ওপর আবার চোটে ছিটকে গেছেন দলের দুই সেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনো। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে নামার আগে তাই দুশ্চিতায় কপালে ভাঁজ কোচ ইয়ুর্গেন ক্লপের।
ন্যু ক্যাম্পের প্রথম লেগে লিওনেল মেসির ম্যাজিকে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। তবে দলটি যেহেতু লিভারপুল, আর ফিরতি লেগ যখন তাদের মাঠেই, তখন আগে থেকে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সালাহ ও ফিরমিনো ছিটকে যাওয়ায় ইউরোপিয়ান প্রতিযোগিতাটির টানা দ্বিতীয় ফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে লিভারপুলের।
ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগে ফিরমিনো নেমেছিলেন বদলি হিসেবে। তবে অ্যানফিল্ডের দ্বিতীয় লেগে খেলা হচ্ছে না তার। রবিবারই নিশ্চিত হয়ে যায় খবরটি। একই সঙ্গে শনিবার রাতে নিউক্যাসলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মাথায় আঘাত পাওয়া সালাহকে নিয়ে জন্মে সংশয়ের মেঘ।
স্ট্রেচারে করে মাঠ ছাড়া মিশরীয় ফরোয়ার্ড ছিটকেই গেছেন বার্সেলোনার বিপক্ষে বাঁচা-মরার লড়াই থেকে। সোমবার খবরটি নিশ্চিত করেছেন লিভারপুল কোচ ক্লপ নিজেই। তার আগে ফিরমিনোকে হারিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় জার্মান কোচ।
ফাইনালে যেতে বার্সেলোনার বিপক্ষে অন্তত ৪ গোলের ব্যবধান রেখে জিততে হবে লিভারপুলের। একে জটিল সমীকরণ, তার ওপর সালাহ-ফিরমিনোকে হারিয়ে আরও কঠিন পরিস্থিতিতে ইংলিশ ক্লাবটি। দলের সেরা দুই খেলোয়াড়কে হারিয়ে ক্লপের বক্তব্য, ‘আমাদের শুধু গোল করলে চলবে না, একই সঙ্গে বার্সেলোনাকে গোল করতে দেওয়া যাবে না। আমরা জানি কতটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা শতভাগ দিয়ে চেষ্টা করব।’
সঙ্গে যোগ করলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দুই স্ট্রাইকার (সালাহ-ফিরমিনো) নেই, সেখানে আবার বার্সেলোনার বিপক্ষে আমাদের ৪ গোল দিতে হবে। মোটেও সহজ কাজ নয়, তবে আমরা চেষ্টা করব।’
এই চেষ্টায় ক্লপ অনুপ্রেরণা নিতে পারেন গত বছরের চ্যাম্পিয়নস লিগ থেকে। এক আসর আগেই রোমার বিপক্ষে বার্সেলোনা ঘরের মাঠে ৪-১ গোলে জিতলেও ইতালির রাজধানীতে গিয়ে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছিল চ্যাম্পিয়নস লিগ থেকে। গোল ডটকম








