রাগ-ক্ষোভ আর ভেতরে জমিয়ে রাখতে পারলেন না। প্রাণহীন টিভির ওপরই সব উগরে দিলেন চাইনিজ গায়ক সু জিং! চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে বার্সেলোনা হেরে যাওয়ায় নিজের টিভি ভেঙেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের আরেকটি ফাইনালের আশা ছিল বার্সেলোনার। এমনকি ২০১৫ সালের পর আবারও ইউরোপ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন কাতালান ক্লাবটির সমর্থকরা। কেননা ফাইনালের টিকিট নিশ্চিতই ধরে নিয়েছিল তারা। তা করবেই না বা কেন? লিভারপুলকে ঘরের মাঠে ৩-০ গোলে হারানোর পর ফাইনালের স্বপ্ন দেখাটা মোটেও বাড়াবাড়ি নয়।
তবে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ঘুরে দাঁড়ানোর নজির স্থাপন করে লিভারপুল পৌঁছে গেছে ফাইনালে। ন্যু ক্যাম্প থেকে ৩-০ গোলে হেরে ফিরলেও ঘরের মাঠ অ্যানফিল্ডে ৪-০ গোলের অবিশ্বাস্য জয়ে রুপকথা লিখেছে ইংলিশ ক্লাবটি।
ইয়ুর্গেন ক্লপের দলের এই বীরোচিত প্রত্যাবর্তন মেনে নিতে পারেননি বার্সেলোনা ভক্ত জিং। চাইনিজ এই গায়ক খেলা শেষ হওয়ার পর রাগ উগরে দেন তার টিভির ওপর।
মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’ একটি ভিডিও প্রকাশ করেছে তার। যেখানে দেখা যাচ্ছে, শুরুতে ছোট কোনও কিছু দিয়ে জিং ঢিল মারেন টিভির ওপর। এরপর জোরে লাথি মারেন টিভিতে। কেঁপে ওঠা টিভির ওপরই যেন তার সব ক্ষোভ। লাথি মেরেই থামলেন না, পরপর কয়েকটা ঘুষিও মারলেন টিভিতে।
তার টিভির ওপরই টানানো আছে মেসির বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি। বোঝাই যাচ্ছে চাইনিজ এই গায়ক কতটা বার্সেলোনার ভক্ত। প্রিয় দলের অসহায় আত্মসমর্পণ জিং মানবেন কিভাবে! মার্কা








