ব্রাজিলে হচ্ছে কোপা আমেরিকা, অথচ দেশের অন্যতম সেরা খেলোয়াড়ের খেলা দেখতে পাবে না ভক্তরা। পুরো দেশের জন্য তো বটেই, বড় দুঃসংবাদ শুনতে হলো দলকেও। ইনজুরিতে টুর্নামেন্ট খেলতে পারছেন না নেইমার। কাতারের বিপক্ষ ব্রাজিলের প্রীতি ম্যাচের শুরুতেই গোড়ালিতে চোট পান পিএসজি স্ট্রাইকার।
নেইমারের আসলে দুঃসংবাদ পিছু ছাড়ছে না। কিছুদিন আগে ধর্ষণের অভিযোগে তাকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছিলো। এমনকি একারণেই কোপা আমেরিকায় তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু ইনজুরির কারণেই ছিটকে যেতে হলো বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারকে।
কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে রিচার্লিসনের গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলের শিকার হন নেইমার। মাত্র ২১ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। বেঞ্চে বসে তাকে কাঁদতে দেখা গেছে। এরপর সাপোর্টিং স্টাফদের সহায়তায় স্টেডিয়াম থেকে বের হয়ে যান এই ফরোয়ার্ড।
শুরুতে ছোটখাটো ইনজুরি মনে হলেও পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে এটা গুরুতর। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘বুধবার কাতারের বিপক্ষে ডান গোড়ালিতে ব্যথা পেয়েছেন নেইমার। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিগামেন্টে আঘাত, সেটা গুরুতর। সেরে ওঠা সময়সাপেক্ষ ব্যাপার, তাই কোপায় তার খেলা সম্ভব হচ্ছে না।’
ব্রাজিলের টেকনিক্যাল কমিটি অবশ্য এরই মধ্যে নেইমারের বিকল্প খুঁজতে শুরু করেছে। এখনও তার স্থলাভিষিক্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি তারা।
আগামী ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ভেনেজুয়েলা ও পেরুর সঙ্গে গ্রুপের দুটি ম্যাচ তাদের। আগামী রবিবার হন্ডুরাসের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।








