ধর্ষণের অভিযোগ ওঠা নেইমার এখন কী করছেন, কোথায় যাচ্ছেন সেটা নিয়ে তোড়জোড় চলছে মিডিয়ায়। কিন্তু ওসব নিয়ে ভাবছেন না ব্রাজিল কোচ তিতে। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন কীভাবে হওয়া যায়, সেদিকে অনেক বেশি মনোযোগ তার।
গত সপ্তাহে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে গোড়ালির চোটে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন নেইমার। দেশের মাটিতে খেলা হলেও তাকে মাঠে দেখতে পাবেন না সমর্থকরা। অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ব্যাপারে সবসময় তৎপর সংবাদমাধ্যম। জানা গেছে, ধর্ষণ মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার সাও পাউলো পুলিশ স্টেশনে গেছেন নেইমার।
মিডিয়া নেইমারকে নিয়ে ব্যস্ত থাকলেও তিতের চোখ কোপা আমেরিকায়। ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমারকে (মিডিয়ায়) নিয়ে যত বেশি কথা হয়, দলের মধ্যেও তাকে নিয়ে এত আলোচনা হয় না। দলের মধ্যে আমাদের সবার মনোযোগ প্রস্তুতির দিকে। নেইমারকে ছাড়া খেলতে হবে এমন পরিস্থিতি আমি কখনও চাইনি, সে বিশ্বের শীর্ষ তিন খেলোয়াড়ের একজন। কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে।’
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সাড়ে ৬টায় বলিভিয়ার বিপক্ষে মোরুম্বি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। চারবার টুর্নামেন্ট আয়োজন করে প্রত্যেকবার চ্যাম্পিয়ন হওয়া দলটির ওপর তাই চাপ থাকছে। ২০০৭ সালে সবশেষ মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। তিতে এবার আশাবাদী, ‘আমরা জানি শিরোপা জেতা গুরুত্বপূর্ণ, এটা এড়ানোর উপায় নেই। কিন্তু ধাপে ধাপে আমাদের জিততে হবে, এটা প্রক্রিয়ার একটা অংশ।’








