কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ধুঁকলেও কোয়ার্টার ফাইনাল বাধা পার হতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক ব্রাজিলকে।
মারাকানায় এই ম্যাচের আগে পেনাল্টি ভাগ্যে সেমি নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনার সামনে বাধা হয়েছিল ভেনেজুয়েলা। গত আসরে তাদের অনায়াসে হারালেও ভেনেজুয়েলার বিপক্ষে সাম্প্রতিক ফর্ম খুব একটা স্বস্তি দিচ্ছিল না মেসিদের। কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিটে সব দুশ্চিন্তা মুছে যায় মার্তিনেসের প্রথম গোলে তারা এগিয়ে গেলে।
মেসির কর্নার কিক থেকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে গোলের সুযোগ পায় তারা। জটলা থেকে ভেনেজুয়েলা বল ক্লিয়ার করতে না পারলে সেই সুযোগে শট নেন সের্হিয়ো আগুয়োরো। সেখান থেকে ব্যাক হিলে কাঙ্ক্ষিত লিড নেন মার্তিনেস। যা তার দশম ম্যাচে ষষ্ঠ গোল।
বিরতির পর ৭৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। এই গোলটিও ছিল ভেনেজুয়েলার ভুলের ফসল। আগুয়েরোর শট ধরতে পারেননি প্রতিপক্ষ গোলকিপার ফারিনেস। সুযোগ পেয়ে বদলি লো সেলসো জাল কাঁপিয়ে তুলে নেন দলের দ্বিতীয় গোল।
এই জয়ের ফলে ২০০৭ সালের পর বড় কোনও টুর্নামেন্টের নকআউটে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০০৭ সালের কোপা আমেরিকা ফাইনালে তারা মুখোমুখি হলেও তাতে ৩-০ গোলে জয়ী হয়েছিল সেলেসাওরা।








