বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিলো ব্রাদার্স ইউনিয়ন। গতবারের রানার্স আপের বিপক্ষে আগের দেখায় ১-০ গোলে হারা দলটি মঙ্গলবার ৫-২ গোলে জিতেছে। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনী শেখ রাসেলকে ৩-০ গোলে হারালেও মোহামেডান-সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে ম্যাচের শুরুতে দুই গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২০ মিনিটের মধ্যে দুইবার লক্ষ্যভেদ করে তারা। ১৫ মিনিটে ফরোয়ার্ড আরিফুল ইসলাম শান্তর গোলে এগিয়ে যায় ব্রাদার্স। সুদানের ফরোয়ার্ড জেমস মগা ফ্রি কিক থেকে ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন।
অবশ্য আক্রমণ বাড়িয়ে শেখ জামাল গোল শোধ দেয়। ২৭ মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড এমিল সাম্বো ব্যবধান কমানোর পর ইবো কান্তে ২-২ করেন। ৩৮ মিনিটে এই গাম্বিয়ান সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবার শেখ জামালকে পেছনে ফেলে ব্রাদার্স। ৩৯ মিনিটে গোলটি করেন আরিফুল।
বিরতির পর ব্রাদার্স আক্রমণের ধারা অব্যাহত রেখে আরও দুই গোল আদায় করে নেয়। ৬২ মিনিটে মগা দলের চতুর্থ গোল করেন। খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে মান্নাফ রাব্বী দলের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ে ব্রাদার্স ১৭ ম্যাচে তৃতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ১২তম। শেখ জামাল এক ম্যাচ বেশি খেলে সপ্তম হারে আগের ২১ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।
একই মাঠে সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম আবাহনী সোহেল মিয়ার জোড়া গোলে দাপট দেখিয়ে জিতেছে শেখ রাসেলের বিপক্ষে। দলের অন্য গোলটি করেন গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু বাহ।
চট্টগ্রাম আবাহনী ১৮ ম্যাচে পঞ্চম জয়ে ২২ পয়েন্ট নিয়ে ছয়ে। শেখ রাসেল এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ১-১ গোলে ড্র করেছে মোহামেডানের সঙ্গে। যদিও আগের দেখায় সাদা-কালো জার্সিধারীরা ২-১ গোলে জিতেছিলো।
ম্যাচের প্রথমার্ধে সাইফ উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক জকিরভের ৩৩ মিনিটের গোলে এগিয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে মিডফিল্ডার কায়সার আলী রাব্বি গোল করে মোহামেডানকে সমতায় ফেরান। ইনজুরি সময়ে সাইফের ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
সাইফ স্পোর্টিং ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মোহামেডান এক ম্যাচ কম খেলে পঞ্চম ড্রয়ে ১৪ পয়েন্টে দশম।








