দুইবার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চট্টগ্রাম আবাহনী রুখে দিয়েছে তাদের। আজ (বুধবার) দুই আবাহনীর ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ঢাকা আবাহনী আক্রমণে এগিয়ে থেকেও কোনও গোল পায়নি। ম্যাচের ৪ গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
২৫ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ফ্রি-কিক থেকে ফরোয়ার্ড জুয়েল রানা হেড নিতে পারেননি। ৪৪ মিনিটে মামুন মিয়ার শট গোলরক্ষক মোহাম্মদ নেহাল ফিরিয়ে দেন। তাই গোলহীনভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর মারিও লেমসের দলের আক্রমণ অব্যাহত থাকে। ৬৩ মিনিটে আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি চট্টগ্রাম আবাহনী। বক্সের ভেতর থেকে মামুন মিয়ার শট এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
১১ মিনিট পর অবশ্য চট্টগ্রাম আবাহনী ম্যাচে সমতা ফেরায়। পেনাল্টি থেকে কিরগিজস্তানের ডিফেন্ডার দানিয়েল নিল আরমাহ গোল করে স্কোরলাইন ১-১ করেন।
শেষ ১২ মিনিটে আরও দুটো গোল হয়েছে। ৭৮ মিনিটে কৌশিক বড়ুয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় চট্টগ্রাম আবাহনীকে। বিপরীতে দুই মিনিট পর ঢাকা আবাহনী জীবনের লক্ষ্যভেদে আবারও এগিয়ে যায়। রায়হানের লম্বা থ্রো-ইন থেকে জীবন প্লেসিং শটে করেন গোল।
ঢাকা আবাহনী যখন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছিল, তখনই চট্টগ্রাম আবাহনী চমকে দেয় তাদের। হার এড়ায় তারা ইনজুরি টাইমে। নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি গোল করে দলকে ১ পয়েন্ট এনে দেন।
এই ড্রতে ঢাকা আবাহনীর ২৩ ম্যাচে প্রথম ড্রতে ৫৫ পয়েন্ট নিয়ে থাকলো দ্বিতীয় স্থানে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ কম খেলে নবম ড্রতে ২৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
যাতে শেষ তিন ম্যাচে বসুন্ধরা কিংস এখন ১ পয়েন্ট পেলেই শিরোপা উৎসব করবে। নবাগত দলটির পয়েন্ট ৫৮।








