লিভারপুলে ফিলিপে কৌতিনিয়োর ফেরার সম্ভাবনা নাকচ করে দিলেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের আশা, বার্সেলোনায় সৌভাগ্যের দেখা পাবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
২০১৮ সালের জানুয়ারিতে রেকর্ড ফিতে অ্যানফিল্ড থেকে ন্যু ক্যাম্পে যোগ দেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার। কিন্তু দলে জায়গা পাকা করতে পারেননি, মন জয় করতে পারেননি ভক্তদেরও।
গুঞ্জন উঠেছে, বার্সেলোনা ছেড়ে দিচ্ছে কৌতিনিয়োকে। তার এজেন্ট কিয়া জুরাবচিয়ান বলেছেন এমন কথা। এই অবস্থায় লিভারপুলের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে শোনা যাচ্ছে। কিন্তু ক্লপ তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন, ‘বিশ্বের যে কোনও দলকে সহায়তা করার মতো খেলোয়াড় ফিল কৌতিনিয়ো, এখনও- শতভাগ।’
নিউ ইয়র্কে লিভারপুলের প্রাক মৌসুমের ম্যাচের আগে লিভারপুল কোচ আরও বলেছেন, ‘আমি ফিলকে পছন্দ করি। আমার মতে সে চমৎকার একজন ফুটবলার। কিন্তু তাকে নিতে হলে অনেক বেশি অর্থ খরচ করতে হবে, এই বছর আমরা সেটা করতে পারছি না। এক কথায় এটা সম্ভব নয়। আমি সত্যিই আশাবাদী, বার্সেলোনায় সে ভালো সময়ের দেখা পাবে।’ ইএসপিএনএফসি








