একটি টিভি চ্যানেলে রেফারির সমালোচনা করায় কারণ দর্শানো নোটিশ পেয়েছিলেন জামাল ভূঁইয়া। লিখিত বক্তব্যে দুঃখ প্রকাশও করেছিলেন জাতীয় দলের অধিনায়ক। কিন্তু তাতে লাভ হয়নি। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
২০ জুলাই ঢাকা আবাহনী-সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচে জামালের লাল কার্ড থেকে ঘটনার সূত্রপাত। ম্যাচটা ৪-১ গোলে হেরে যাওয়ার পর রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল। পরে রেফারির তীব্র সমালোচনাও করেন একটি চ্যানেলে। আর তাই তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।
এ প্রসঙ্গে বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাইলজ অনুযায়ী জামাল ভূঁইয়াকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।’
শাস্তি পাওয়ায় সোমবার মাঠে নামতে পারবেন না জামাল। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে ফেলা বসুন্ধরা কিংস।








