রেলিগেশন এড়াতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিততেই হতো নোফেল স্পোর্টিংকে। কিন্তু তাদের দুর্ভাগ্য। নিজেদের শেষ ম্যাচে নোফেল হারাতে পারেনি গতবারের রানার্সআপদের। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে শেখ জামালের সঙ্গে ২-২ গোলে ড্র করায় নোফেলের অবনমন নিশ্চিত হয়েছে। একই দিনে সাইফ স্পোর্টিং ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। গাম্বিয়ার ফরোয়ার্ড এমিলি সাম্বো একাই করেন দুই গোল। ১৫ ও ৫১ মিনিটে গোল দুটি এসেছে। পিছিয়ে পড়ে নোফেল ম্যাচে সমতা নিয়ে আসে ৫৬ ও ৮৫ মিনিটে। খন্দকার আশরাফুল ও ইসমাইল বাঙ্গুরা গোল করে ম্যাচে সমতা নিয়ে আসলেও দলকে অবনমন থেকে রক্ষা করতে পারেননি।
প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে এসেও টিকে থাকতে পারলো না নোফেল স্পোর্টিং। নোফেল ২৪ ম্যাচে ১৫ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। লিগ টেবিলে তাদের অবস্থান ১২তম। আগেই অবনমিত হওয়া বিজেএমসি এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
অবশ্য নোফেলের অবনমনে ব্রাদার্স ও রহমতগঞ্জ শিবিরে স্বস্তি। দুই দল এক ম্যাচ হাতে রেখে ২১ পয়েন্ট নিয়ে আছে। শেখ জামাল ২৮ পয়েন্টে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করলো। একই মাঠে অন্য ম্যাচে মোহামেডান ২-২ গোলে রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছে। মোহামেডান ২৪ ম্যাচে সপ্তম ড্রতে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। রহমতগঞ্জ সমান ম্যাচে ১০ম ড্রতে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে।
অপর দিকে ময়মনসিংহে রফিক উদ্দিন স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়ে লিগে চতুর্থ হয়েছে। সাইফ স্পোর্টিং ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ। মুক্তিযোদ্ধা সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম।








