স্ট্রাইকারদের ব্যর্থতায় কম ভুগতে হয় না জাতীয় দলকে। আক্রমণের পশরা সাজিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিলেও গোল পোস্টের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে এবারের প্রিমিয়ার লিগে তরুণ স্ট্রাইকারদের সাফল্য আশাবাদী করে তুলেছে জামাল ভূঁইয়াকে। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, বিশ্বকাপ বাছাই পর্বে গোল স্কোরিং সমস্যায় ভুগতে হবে না দলকে।
১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। আফগানিস্তানে নিরাপত্তা সমস্যার কারণে ম্যাচটির ভেন্যু তাজিকিস্তানের রাজধানী দুশানবে। ম্যাচটি সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত জাতীয় দল। সোমবার অনুশীলন শেষে জামাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে গোল না পাওয়া আমাদের জন্য বিশাল সমস্যা। ভালো সুযোগ পেলেও আমরা গোল করতে পারি না অনেক সময়, যে কারণে দলকে ভুগতে হয়।’
এবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে আশাবাদী অধিনায়ক, ‘এবারের লিগে জীবন-মতিন-সোহেল রানাদের মতো তরুণ স্ট্রাইকাররা গোল পেয়েছে। তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। আশা করি, বিশ্বকাপ বাছাই পর্বেও তারা গোল পাবে, আর তাদের হাত ধরে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাবো।’
খেলোয়াড়দের ফিটনেস নিয়ে জামালের মন্তব্য, ‘আমরা ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছি। আসলে ফিটনেস একদিনের বিষয় নয়, এটা সারা বছর মেনটেইন করতে হয়। ফিটনেস ভালো থাকলে মাঠে নেমে বাড়তি সুবিধা পাওয়া যায়।’
জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসও কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। আফগানিস্তান ম্যাচে রক্ষণাত্মক ফুটবলের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘আফগানিস্তান আমাদের চেয়ে শক্তিশালী দল। ওদের বিপক্ষে আমরা পাঁচ জন ডিফেন্ডার নিয়ে নামতে পারি। অবশ্য এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’








