শুধু তৃতীয় বিভাগ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার জন্য নয়, আরেকটি কারণেও ইদানীং তিনি আলোচিত। ইয়াছিন আরাফাতের জন্য ১ কোটি ৬০ লাখ টাকার রিলিজ ক্লজ ধরে হৈচৈ ফেলে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সবাইকে চমকে দেওয়া তরুণ ডিফেন্ডারের সামনে জাতীয় দলের দরজাও খুললো এবার।
১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার এই ম্যাচের জন্য ঘোষিত ২৩ জনের দলে সুযোগ পেয়েছেন আরাফাত।
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত, ‘প্রত্যেকের মতো আমিও জাতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখতাম। তবে এত দ্রুত দলে আসার কথা কল্পনাও করিনি। মাঠে নামতে পারলে কোচের আস্থার প্রতিদান দিতে চেষ্টা করবো। প্রিমিয়ার লিগে অনেক কঠিন ম্যাচ খেলেছি। তাই যে কোনও চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’
আফগানিস্তানের ‘হোম’ ম্যাচ হলেও নিরাপত্তাজনিত কারণে কাবুলে নয়, বাংলাদেশ ম্যাচটি খেলবে দুশানবেতে। রবিবার সকালে তাজিকিস্তানের রাজধানীর পথে রওনা হবে জাতীয় দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
কোচ জেমি ডে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘তাজিকিস্তানে যারা ভালো করবে, আফগানিস্তান ম্যাচের জন্য তারাই এগিয়ে থাকবে। আশা করি, ইতিবাচক ফল নিয়ে ফিরতে পারবো আমরা।’
বাংলাদেশ দল:
গোলকিপার: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াছিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রিয়াদুল হাসান।
মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান।
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদউদ্দিন, জুয়েল রানা।








