এই মৌসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচ জয়ের খোঁজে গেতাফের মাঠে নামবে বার্সেলোনা। কয়েকটি সূত্র জানিয়েছে, শনিবারের এই গুরুত্বপূর্ণ খেলায় লিওনেল মেসিকে পাবে না কাতালান জায়ান্টরা।
মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে ন্যু ক্যাম্পে প্রথমবার একাদশে জায়গা পান মেসি। ফিফার বর্ষসেরা হওয়ার পর দিন মাঠে নেমে একটি গোল বানিয়ে দেন তিনি। কিন্তু বিরতির ঠিক আগে কুঁচকির চোটে উসমান দেম্বেলেকে জায়গা করে দিয়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।
কোচ এর্নেস্তো ভালভারদে বলেছেন, পূর্বসতর্কতা হিসেবে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, মাদ্রিদে এই সপ্তাহের ম্যাচে তাকে পাওয়া যাবে না। বুধবার আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে চোটের অবস্থা কতটা গুরুতর।
কাফ ইনজুরিতে লা লিগার প্রথম চার ম্যাচ খেলতে পারেননি মেসি। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বদলি নেমেছিলেন। আর গত শনিবার গ্রানাডার বিপক্ষেও বেঞ্চে অপেক্ষা করতে হয় তাকে। ওই ম্যাচে বদলি নেমে খুব একটা স্বস্তিতে ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার নতুন করে কুঁচকির চোট আবারও শঙ্কায় ফেলেছে তাকে।
চোটটা গুরুতর হলে অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে ইন্টার মিলান ও সেভিয়ার বিপক্ষেও হয়তো খেলতে পারবেন না তিনি। ইএসপিএনএফসি








