বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টরের পদ ছেড়ে দিয়েছিলেন কার্লেস পুয়োল। তবে সাবেক অধিনায়ককে আবারও বার্সেলোনায় ফেরানোর চেষ্টা করেছিল ক্লাব কর্তৃপক্ষ। যদিও তাদের ডাকে সাড়া দেননি সাবেক ডিফেন্ডার।
গত জুলাইয়ে পারস্পরিক সমঝোতায় বার্সেলোনার জেনারেল ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ান পেপ সেগুরা। ওই জায়গা পূরণে পুয়োলকে আনার চেষ্টা করেছিল বার্সেলোনা। যদিও সাবেক ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পুয়োল।
বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এ মাসের শুরুতে জানিয়েছিলেন, পুয়োলকে রাজি করানোর ব্যাপারে তিনি আশাবাদী। যদিও ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত বার্সেলোনার জার্সি গায়ে খেলা সাবেক অধিনায়ককে ফেরাতে পারেননি তিনি।
টুইটারে পুয়োল তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নিয়েছি, ক্লাবের প্রস্তাব গ্রহণ না করার। এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। আমি সবসময়ই বলে এসেছি আমি ফিরতে চাই (বার্সেলোনায়), যে জায়গাকে আমি ঘর হিসেবে বিবেচনা করি। কিন্তু ব্যক্তিগত অনেক কারণে এই মুহূর্তে নিজেকে বিরত রাখছি।’
বার্সেলোনায় যোগ দিলে পুয়োল কাজ করতেন সাবেক দুই সতীর্থ স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও ডিরেক্টর অব ইয়ুথ ফুটবল প্যাট্রিক ক্লাইভার্টের সঙ্গে। মার্কা








