গ্রুপ পর্বের সময়-সূচি নিয়ে ফিফার দিকে তোপ দেগেছিলেন হল্যান্ড কোচ লুই ফন গাল। ফিফা এ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফন গালকে কথার বৃষ্টিতে ধুইয়ে দিয়েছেন ব্রাজিল কোচ স্কলারি। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিতে পারে ফিফার দিকে তোপ দাগলে স্কলারির অাঁতে ঘা লাগে কেন? ঘা লাগবে না কেন কথাটা যে ব্রাজিল দলকে নিয়েই বলেছেন হল্যান্ড কোচ। ফন গাল বলেছেন ব্রাজিলকে সুবিধা দেওয়ার জন্যে হল্যান্ড-চিলি ম্যাচের সময়-সূচি ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের আগে নির্ধারণ করা হয়েছে। ওই ম্যাচের ফল দেখেই ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যাতে দ্বিতীয় পর্বে তাদের প্রতিপক্ষ কে তা আগেই জেনে ফেলতে পারে ব্রাজিল! ফন গালের এ মন্তব্যকে 'নির্বোধের' মতো বলেছেন ব্রাজিল কোচ স্কলারি।'' তবে সংবাদ সম্মেলনে স্কলারি ফন গালের নাম করে কিছু বলেননি। তিনি বলেছেন, ''কেউ কেউ বলছেন, আমরা নাকি পরবর্তী রাউন্ডে কাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছি, সেটি জেনে খেলতে নামছি। এ ধরণের মন্তব্য নির্বোধের মতো নয়তো দুরভিসন্ধিমূলক।'' তিনি আরও বলেছেন, '' আমাদের দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। আর কিছু লোক কোনও কিছু না বুঝেই উদ্ভট সব মন্তব্য করে। আমাদের লক্ষ্য জয়, প্রতিপক্ষ নির্বাচন নয়।








