রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম গোল করলেন এডেন হ্যাজার্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে বেলজিয়ান ফরোয়ার্ডের উদযাপনের দিনে গ্রানাদাকে ৪-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে মাদ্রিদ ক্লাব। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের।
পয়েন্ট টেবিলের শীর্ষে জিনেদিন জিদানের দলকে ৪ পয়েন্টে এগিয়ে রাখতে আরও গোল করেছেন করিম বেনজিমা, লুকা মদরিচ ও হামেস রোদ্রিগেস। ৩-০ গোলে পিছিয়ে থাকার পর গ্রানাদা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ডারউইন মাচিস ও ডোমিঙ্গোস দুয়ার্তের লক্ষ্যভেদে। তবে পয়েন্ট আদায় করতে ব্যর্থ হয় তারা। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্রানাদা।
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে এগিয়ে থাকার পরও ২-২ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে। তার আগের ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। শেষ পর্যন্ত জয়ে ফিরলো তারা।
দুই মিনিটের মধ্যে গ্যারেথ বেলের চমৎকার ক্রসে বেনজিমা এগিয়ে দেন রিয়ালকে। সের্হিয়ো রামোস ও দানি কারভাহাল দ্বিতীয় গোলের সুযোগ তৈরী করেও ব্যর্থ হন। অবশ্য প্রথমার্ধে দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। বিরতির বাঁশি বাজার ঠিক আগে গ্রানাদা গোলরক্ষকের সঙ্গে মুখোমুখি হয়ে চমৎকার চিপে লক্ষ্যভেদ করেন হ্যাজার্ড।
বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ৬১ মিনিটে রিয়ালের তৃতীয় গোল করেন মদরিচ। তাতে সহজ জয়ের সম্ভাবনা জাগায় মাদ্রিদ ক্লাব। কিন্তু ৮ মিনিট পর গ্রানাদা একটি পেনাল্টি পায়। মাদ্রিদ গোলকিপার আলফোন্সো আরেয়োলা বক্সের মধ্যে আলভারো ভাদিয়োকে ফেলে দিলে পেনাল্টি থেকে মাচিস লক্ষ্যভেদ করেন। অতিথিরা দ্বিতীয় গোল আদায় করে ম্যাচে উত্তেজনা ফেরায়। কর্নার থেকে ভেসে আসা বলে ৭৭ মিনিটে ব্যবধান ৩-২ করেন দুয়ার্তে। অবশ্য ইনজুরি সময়ে রোদ্রিগেস গোল করলে সব অনিশ্চয়তা দূর হয়ে যায় রিয়ালের। ইএসপিএনএফসি








