রোজার মাস শুরু হয়ে গেছে সারা বিশ্বেই। ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনা শুরু করেছেন। রোজার মাস হওয়ায় বিশ্বকাপে একমাত্র মুসলিম দল আলজেরিয়াকে নিয়ে আলোচনাও শুরু হয়েছে বিভিন্ন ধরনের। তৈরি হয়েছে নানা মুখরোচক খবর। বলা হচ্ছে, দলের খেলোয়াড়দের রোজা রাখতে নিষেধ করেছেন খোদ দেশটির বসনিয়ান মুসলিম কোচ ভাহিদ হালিলহদিচ! তবে এসব খবরকে উড়িয়ে দিয়েছেন তিনি। ম্যাচের অাগে এমন প্রশ্নে অনেকটা তেতে উঠে হালিলহদিচ বলেছেন, 'অামি অাগেও মুসলিম দলের কোচ ছিলাম। নিজেও একজন মুসলিম। তাই দলের সবাইকে তাদের ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা দিয়েছি।' দলের সবাই রোজা রাখবেন কিনা এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, 'এটা ব্যক্তিগত বিষয়। ওদের ইচ্ছা হলে রাখবে। অার এমন প্রশ্ন করা মানে অাপনারা অামাদের হেয় করেই কথাগুলো বলছেন।' কোচ সরাসরি এ নিয়ে কথা বলতে না চাইলেও রোজা রাখার ব্যাপারে কথা বলেছেন অালজেরিয়া অধিনায়ক মাদজিদ বোওঘেরা। তিনি বলেছেন ম্যাচ হলেও রোজা রাখবেন তিনি। অপরদিকে জার্মানির মুসলিম মিডফিল্ডার মেসুত ওজিল বলেছেন, রোজা রাখছেন না তিনি। অালজেরিয়া-জার্মানি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সোমবার বাংলাদেশ সময় রাত ২টায়।








