রবিবারের ম্যাচে মেক্সিকোকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নেদারল্যান্ডস। ম্যাচ শেষ হয়ে গেলেও শেষ হয়নি বিতর্ক। যে গোলটিতে জয় পায় রোবেন-পার্সিরা সেই গোলটিকে ঘিরেই এখন চলছে কথার লড়াই। বলা হচ্ছে, শেষের দিকের সেই ফাউলটিতে অভিনয় করেছিলেন রোবেন! এমনটাই দাবি মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরার। তিনি বলেছেন, 'আমাদের হারার জন্য এই রেফারিই দায়ী। ম্যাচে রোবেন তিনবার পরে যাওয়ার অভিনয় করেছিল। রেফারির উচিত ছিল তাকে সতর্ক করে দেওয়া।' ম্যাচের ৯৪ মিনিটে পেনাল্টি বক্সে রাফায়েল মার্কাজের ট্যাকলে পড়ে যান রোবেন। এরপরই রেফারি বাঁশি বাজান স্পট কিকের। ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নেয় ফন পার্সিরা। পড়ে যাওয়ার ভান করার বিষয়টি অবশ্য লুকাননি ডাচ উইঙ্গার অারিয়েন রোবেন। স্বীকার করে তিনি বলেছেন, 'অামি ক্ষমা চাইছি। প্রথমার্থে অামি পড়ে যাওয়ার ভান করেছি। তবে শেষ দিকেরটা পেনাল্টিই ছিল।'








