যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী মানুষ। তিনি ফুটবলের উন্নয়নে সার্বিক সহযোগিতা করছেন। তাই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগকে তৃণমূল পর্যায়ে পৌঁছাতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থায় যারা দায়িত্বে আছেন, তারা সবাই ক্রীড়ামোদী। দেশের ফুটবলকে এগিয়ে নিতে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে এই প্রথম মন্ত্রণালয়কে ফুটবলের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। যা এর আগে কোনও সরকার প্রয়োজন মনে করেনি।’
এসময় জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও বিভাগে রয়েছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। আর্থিক সীমাবদ্ধতার কারণে এসব অ্যাসোসিয়েশন ফুটবল উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে পারছে না।’ এসময় তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে জেলা লিগ, আন্তঃজেলা লিগ, উপজেলা লিগ ও বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ ব্যয় ও ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার জন্য অনুদানের অনুরোধ করেন তিনি।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।







