প্রত্যাশার প্রতিদান দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আলেসান্দ্রো সাবেলার দল। এস্তাদিও ন্যাসিওনাল দি ব্রাসিলিয়ায় প্রথমার্ধেই বেলজিয়ামের ওপর চেপে খেলেছে আলবিসেলেস্তেরা। যার ফল দেখতে পেয়েছে ৮ মিনিটেই। দীর্ঘদিন নিষ্প্রভ থেকে অবশেষে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন গত আসরের একমাত্র হ্যাটট্রিককারী গঞ্জালো হিগুয়েইন। শেষ দিকে সেরকম ভাবে আক্রমণের পসরা বসিয়ে খেলতে পারেনি সাবেলার শিষ্যরা। ফলে নির্ধারিত সময়ে খেলা শেষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এর আগে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ চারে খেলেছিল ১৯৯০ বিশ্বকাপে। গতবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরেই বিদায় নিয়েছিল মেসির দল।








