টাইব্রেকার ভাগ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। এরপর থেকে কমলা জার্সি ভক্তরা মুণ্ডুপাত শুরু করে দিয়েছেন কোচ লুইস ফন গালের রণকৌশল নিয়ে। প্রশ্ন উঠেছে কেনো কোস্টারিকা ম্যাচের মতো সেই গোল রক্ষক টিম ক্রালকে নামালেন না তিনি। এ নিয়ে সাফাই গেয়েছেন ডাচ এই কোচ। বুধবারের ম্যাচের রণকৌশল নিয়ে গাল বলেছেন, 'আমরা চেয়েও ক্রালকে মাঠে নামাতে পারিনি। কারণ, আমি তিনজন বদলি আগেই মাঠে নামিয়ে ফেলেছি। তাই করার কিছুই ছিল না।' তিন বদলি নামানোর ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন গাল। তার ব্যাখ্যা, 'আমি মার্টিন্স ইনডির জায়গায় জানমাতকে বদলি হিসেবে নামিয়েছি। কারণ, ইনডি আগেই একটি হলুদ কার্ড পেয়েছিল। ডি জংকে নিয়ে চোট শঙ্কায় ছিলাম বলে তাকে উঠিয়ে নিয়েছি। আর ফন পার্সিকে ক্লান্তির কারণে উঠিয়ে নিয়েছি।' প্রসঙ্গত, বুধবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরেছে নেদারল্যান্ডস।








