ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক জয় পেয়েছে জার্মানি। আর নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার জন্ম দিয়েছে ব্রাজিল। তবেবেলো হরিজন্তেয় অনুষ্ঠিত ব্রাজিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের পর ফুটবল ইতিহাসের অনেকগুলো রেকর্ড লিখতে হচ্ছে নতুন করে।
চোখ বুলিয়ে নেয়া যাক গুরুত্বপূর্ণ রেকর্ডগুলোতে-
দ্রুততম সময়ে ৫ গোল
ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন প্রথমার্ধের ২৯ মিনিটে শেষ হয়ে যায়। মাত্র ৬ মিনিটের ব্যবধানে ব্রাজিল হজম করে ৫ গোল। যা বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সময়ে ৫ গোলের রেকর্ড।
সবচেয়ে বড় পরাজয় ব্রাজিলের
শুধু বিশ্বকাপ নয় ব্রাজিলের ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবাধানে পরাজয়। প্রায় এক শতাব্দী আগে ১৯২০ সালে সেলেকাওরা উরুগুয়ের বিপক্ষে হেরেছিল ৬-০ গোলে।
বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ গোলের রেকর্ড
ব্রাজিলের বিপক্ষে ৭ গোল করে বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এখন জার্মানির। বিশ্বকাপে জার্মানির গোল সংখ্যা ২২১।
সেমিফাইনালের সবচেয়ে বড় ব্যবধানে জয়
বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে কোন দলই সাত গোল করতে পারেনি। ফলে এটাই সেমিফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে প্রথম বিশ্বকাপে উরুগুয়ে ৬-১ গোলে যুগোস্লোভিয়াকে হারায় পরে নিজেরা ১৯৫৪ সালে পশ্চিম জার্মানির কাছে ৬-১ গোলে হারের স্বাদ পায়।
স্বাগতিকদের বিপক্ষে বেশি গোল
এর আগে কোন দলই স্বাগতিকদের বিরুদ্ধে সাত গোল করতে পারেনি। এবার সাত গোলে হেরে সুইডেনকে দেয়া লজ্জা নিজেদের করে নিল ব্রাজিল। আগের রেকর্ডটি ১৯৫৪ সালে ব্রাজিল উপহার দিয়েছিল সুইডেনকে ৫-২ গোলে।
সর্বোচ্চ গোলদাতা
ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে গোল করেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন ক্লোসা। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২৩ মিনিটে গোল করে এককভাবে বিশ্বকাপে সবোর্চ্চ গোলের (১৬) নতুন রেকর্ড করলেন তিনি।
জার্মানির পক্ষে ২০০০তম গোল
প্রথম সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে টমাস মুলারের করা প্রথম গোলটি জার্মানির ২০০০তম গোল।
দ্রুততম সময়ে জোড়া গোল
প্রথমার্ধে টনি ক্রুজের জোড়া গোল আসতে সময় লাগে মাত্র ৬৯ সেকেন্ড। যা বিশ্বকাপের রেকর্ড।
প্রথমার্ধে জার্মানির এগিয়ে থাকা
বিশ্বকাপে প্রথমার্ধে জার্মানির সর্বোচ্চ গোলে এগিয়ে থাকার রেকর্ড এটি। এর আগের রেকর্ডটি ছিল ৪-০ গোলের। ২০০২ সালে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি জার্মানরা জিতেছিল ৮-০ গোলের ব্যবধানে।








