চোট কাটিয়ে প্রায় তিন মাস পর মাঠে ফিরলেন পল পগবা, কিন্তু কোনও লাভ হয়নি ম্যানচেস্টার ইউনাটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে গোলকিপার দাভিদ দি গেয়ার অমার্জনীয় এক ভুলের মাশুল দিয়ে ওয়াটফোর্ডের মাঠে তারা হেরে গেছে ২-০ গোলে ।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে দি গেয়ার হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে ‘রেড ডেভিলরা’। উইল হিউজের ফ্রি-কিক থেকে ক্রিস্টিয়ান কাবাসেলের হেড এসে পড়েছিল বক্সের ভেতর থাকা ইসমাইলিয়া সারের কাছে। সেনেগালিজ ফরোয়ার্ডের নিরীহ দর্শন ভলি দি গেয়ার দুই হাতের ফাঁক গলে চলে যায় জালে।
৪ মিনিট পর আবার দৃশ্যপটে সার। তাকে বক্সের মধ্যে অ্যারন ওয়ান-বিসাকা ফেলে দিলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি ওয়াটফোর্ড অধিনায়ক ট্রয় ডিনি।
৬৪ মিনিটে জেসি লিনগার্ডের জায়গায় মাঠে নামেন পগবা। কিন্তু ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বিশেষ কিছু করতে পারেননি। তার দলও পারেনি হার এড়াতে।
১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা ম্যানইউর শিরোপা পুনরুদ্ধারের আশা আরও ধূসর। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।








