একটি দল বিরতির সময় ৮-০ গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধে আরও গোল করার আশায় উজ্জীবিত। কিন্তু হায়, প্রতিপক্ষ ফুটবল দলের যে দেখা নেই। সবার অগোচরে চুপিচুপি পালিয়ে গেছে তারা!
এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ইংল্যান্ডে, হেলনিক লিগ ডিভিশন ওয়ান ইস্টে দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। শনিবার অ্যাবিংডন টাউন খেলতে নেমেছিল লিগে দ্বিতীয় স্থানে থাকা অ্যাবিংডন ইউনাইটেডের মাঠে। অ্যাবিংডন টাউন প্রধমার্ধেই খেয়ে বসে ৮ গোল। একে তো লিগে সবার নিচে অবস্থান, তার ওপরে এমন লজ্জা। দলের কোচ-খেলোয়াড়দের আর সহ্য হয়নি। বিরতির সময় যেন পালিয়ে বেঁচেছে তারা। কেউ কেউ তো খেলার সরঞ্জামও ফেলে গেছে ড্রেসিংরুমে।
এমন ঘটনায় বিস্মিত অ্যাবিংডন ইউনাইটেডের সচিব জন ব্ল্যাকমোর, ‘৩০ বছরের ফুটবল জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। খেলাটা ভালোভাবে শুরু হয়েছিল, অপ্রীতিকর কিছু ঘটেনি, বিরতিতে আমরা ৮-০ গোলে এগিয়ে। অথচ দ্বিতীয়ার্ধে ওদের কোচ-খেলোয়াড়েরা মাঠেই এলো না। আমরা ম্যাচটি জিততে চেয়েছি, কিন্তু এভাবে নয়।’
অ্যাবিংডন টাউনের সভাপতি ব্রায়ার্ন কার্ক ম্যাচের সময় মাঠে ছিলেন না। পরে ঘটনাটা শুনে দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘এই ঘটনায় আমি ভীষণ হতাশ। তবে কোচের সঙ্গে কথা না বলে কোনও মন্তব্য করতে পারছি না।’








