২০১৯-এর শেষটায় ছিল ড্রয়ের ধাক্কা। সেই হতাশা কাটিয়ে নতুন বছর জয়ে রাঙানোর লক্ষ্য ছিল টটেনহামের। কিন্তু জয় তো দূরে থাক, ২০২০ সাল শুরু হলো জোসে মরিনিয়োর হার দিয়ে! আজ (বুধবার) সাউদাম্পটনের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরে তার দল টটেনহাম। নতুন বছরের শুরুটা ভালো হয়নি চেলসিও। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে ফিরতে হয়েছে তাদের ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠ থেকে।
নরউইচ সিটির মাঠ থেকে কোনও রকমে ড্র করে ফিরতে পেরেছিল টটেনহাম। আগের ম্যাচের হতাশা ঝেরে ফেলার সঙ্গে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানের আরও কাছে যাওয়ার সুযোগ ছিল তাদের। কেননা দিনের আগের ম্যাচে চেলসি পয়েন্ট হারানোয় ব্যবধান কমিয়ে আনার সুযোগ ছিল মরিনিয়ো। তা তো পারেইনি, উল্টো হেরে বসেছে। সাউদাম্পটনের মাঠে ১৭ মিনিটে পিছিয়ে পড়েও সমতা ফেরাতে পারেনি স্পার্স।
ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন ড্যানি ইনস। একক প্রচেষ্টায় করা তার চমৎকার লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সাউদাম্পটন। জ্যাক স্টিফেন্সের পাস টটেনহামের বক্সের ভেতর দারুণভাবে নিয়ন্ত্রনে নিয়ে প্রথমে টোবি আল্ডারভেইরেল্ডের মাথার ওপর দিয়ে বল নিয়ে ফেলেন সামনে, এরপর বাঁ পায়ের ভলিতে করেন দেখার মতো এক গোল।
চলতি প্রিমিয়ার লিগে ইনসের পাওয়া ১৩তম গোল আর পুরো সময়েও শোধ করতে পারেনি টটেনহাম। অনেক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি মনিনিয়োর দল। উল্টো চোট পেয়ে ৭৫ মিনিটে মাঠ ছাড়তে হয় অধিনায়ক হ্যারি কেনকে।
সব মিলিয়ে প্রিমিয়ার লিগে ফেরার দিনগুলোতে আরও কঠিন হয়ে উঠছে মরিনিয়োর জন্য। সবশেষ চার ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট তুলতে পেরেছেন তিনি। ২১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে টটেনহামকে থাকতে হলো আগের ষষ্ঠ স্থানেই।
চেলসির অবস্থা ছিল অবশ্য উল্টো। ব্রাইটনের মাঠে দশম মিনিটে লিড পেয়ে যায় তারা চেজার আজপিলিকুয়েতার গোলে। জটলার মধ্যে বল পেয়ে ছোট বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। ওই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ব্লুজ কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। কিন্তু ৮৪ মিনিটে আলিরেজা জাহানবাখশের চোখ ধাঁধানো এক গোলে ঠিকই সমতায় ফেরে ব্রাইটন।
ম্যাচ বাঁচাতে একের পর এক আক্রমণ চালাচ্ছিল তখন ব্রাইটন। মিনিট তিনেক আগেই সেরকম একটি প্রচেষ্টা ব্যর্থ হয় চেলসি গোলরক্ষক কেপার অতিমানবীয় সেভে। তবে জাহানবাখশের নেওয়া বাইসাইকেল কিকটি ঠেকানোর সাধ্য ছিল না স্প্যানিশ গোলরক্ষকের। চেলসির বক্সের ভেতর হেড হয়ে আসা উড়ন্ত বলে ডান পায়ের ওভারহেড শটে ইরানিয়ান উইঙ্গার সমতায় ফেরান স্বাগতিকদের।
টটেনহাম-চেলসির হতাশার রাতে গোল উৎসব করেছে লিস্টার সিটি। নিউক্যাসলের মাঠ থেকে তারা ফিরেছে ৩-০ গোলের জয় নিয়ে। অ্যাস্টন ভিলা ২-১ গোলে জিতে ফিরেছে বার্নলির মাঠ থেকে। আর ঘরের মাঠে ওয়াটফোর্ড ২-১ গোলে হারিয়েছে উলভসকে।








