প্রায় এক বছর পর আবার ফুটবল মাঠের ডাগআউটে দাঁড়িয়েছেন জোসে মরিনিয়ো। আবার ফিরে এসেছে ‘মরিনিয়ো-অ্যান্টিকস’, আবার ইংলিশ ফুটবল সমাজ বিনোদিত হচ্ছে তার অমৃত বচন শুনে। কাল শনিবার টটেনহাম-লিভারপুল ম্যাচের পর টটেনহাম কোচ যেমন বললেন, ভিএআর (ভার) অফিসিয়ালরা তখন চা খাচ্ছিলেন।
কোন প্রসঙ্গে এই চা খাওয়ার ব্যাপারটি তুলেছেন পর্তুগিজ কোচ? ম্যাচটি যারা যারা দেখেছেন তাদের চোখ এটি এড়িয়ে যেতে পারেনি। দ্বিতীয়ার্ধে লিভারপুল লেফটব্যাক অ্যান্ডি রর্বাটসন টটেনহাম সীমানায় এসে বলে পা ছোঁয়াতে না পেরে বুট দিয়ে সজোরে আঘাত করেন টটেনহামে প্রথম খেলতে নামা ডিফেন্ডার জ্যাফেট তানগাঙ্গার পায়ে। লিভারপুল লেফটব্যাককে রেফারি হলুদ কার্ড পর্যন্ত দেখাননি। ডাগআউট থেকেই মরিনিয়োর ক্ষোভটা তখন দেখা গিয়েছিল। পরে স্কাই স্পোর্টসের কাছে রাগতস্বরেই তিনি বলেছেন, ‘তারা অবশ্যই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতো, কারণ তখন ভিএআরের দায়িত্বে থাকা ব্যক্তিরা চা খাচ্ছিলেন। রর্বাটসনের লাল কার্ডের মতো অপরাধ তাদের চোখে পড়েনি। সনের সঙ্গে তুলনা করলে অবশ্যই ওটা লাল কার্ড।’
প্রসঙ্গত, চেলসির বিপক্ষে আগের এক ম্যাচে টটেনহাম হাটস্পার্স মিডফিল্ডার সন হিউং মিনকে রেফারি লাল কার্ড দেখিয়েছিলেন ভিএআর দেখে।
টটেনহামের বিপক্ষে এই জয়টা ২১ ম্যাচে ২০তম জয় লিভারপুলের। ১৬ পয়েন্ট ব্যবধান রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে তারা। ইয়ুর্গেন ক্লপের দলকে অভিনন্দন জানিয়েছেন মরিনিয়ো অকুণ্ঠচিত্তে, ‘তারা খুব শক্তিশালী, প্রতিটি জায়গাতেই।’ তবে তারপরও অলরেডসকে ভাগ্যবান বলতে পিছপা হননি টটেনহাম কোচ, ‘তারা খুব ভালোভাবেই একটি গোল খেতো, তারা ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতো’ এবং ৩৭ মিনিটে রবার্তো ফিরমিনোর জয়সূচক গোলটি হতে নাও পারতো বলে মনে করেন, ‘থ্রো-ইনটা (ফিরমিনোর গোলের আগে) ছিল আমাদের অনুকূলে, সেটা পেলো তারা, এটা খুবই হতাশার।’
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মরিনিয়ো ফুটবল-নিয়তির আসল কথাটাই পরে বলেছেন, ‘এটাই ফুটবল। কখনও আপনার যা প্রাপ্য নয় তার বেশি পাবেন, আবার কখনও আপনার প্রাপ্যের চেয়ে কম পাবেন। আমি মনে করি অনেক দৃষ্টান্তের একটি ছিল এটি যখন আমরা যা পেতে পারতাম তার কিছুই পাইনি।’








