আগামী ৩১ জানুয়ারি থেকে মেয়েদের ফুটবল লিগ মাঠে গড়ানোর কথা। আগেই ইঙ্গিত মিলেছিল লিগে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারেন। অবশেষে তা-ই হলো। সাবিনাসহ একঝাঁক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বসুন্ধরা। আগামী সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসে আনুষ্ঠানিকভাবে দলবদল করার কথা রয়েছে ক্লাবটির।
সাবিনা ছাড়াও ২১ জন খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন বসুন্ধরা কিংসে। উল্লেখযোগ্য নাম মিশরাত জাহান মৌসুমী, সানজিদা আক্তার, সাবিনা আক্তার ও কৃষ্ণা সরকার।
সর্বোচ্চ ৫ লাখ টাকায় চুক্তি করেছেন সাবিনা। অন্যদের অঙ্কটাও খারাপ নয়। নতুন দলে যোগ দিয়ে সাবিনা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি খুশি। আজ অনুশীলনও করেছি। দলে যারা আছেন তারা সবাই ভালো খেলোয়াড়। আশা করছি আমরা লিগে ভালো ফল করতে পারবো।’
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এই দল নিয়ে চ্যাম্পিয়ন হতে চান, ‘আমরা জাতীয় দলের অধিনায়কসহ ২১ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছি। আরও দুজন খেলোয়াড় নেবো। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছি। এই দলে সাবিনা সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছে।’
বসুন্ধরা ছাড়াও এই লিগে অংশ নিচ্ছে নাসরিন স্পোর্টস একাডেমি, শেখ রাসেল, এফসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও ওয়ালটন স্পোর্টস ক্লাব।







