এল ক্লাসিকো হারের যন্ত্রণা, সঙ্গে সহকারী কোচের অশোভন আচরণ— দুয়ে মিলে আবারও উত্তপ্ত পরিস্থিতি বার্সেলোনা ক্যাম্পে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা চলাকালীন নিজ দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে চেঁচিয়ে বেশ কিছু বাজে কথা উচ্চারণ করেছিলেন বার্সার সহকারী কোচ এদের সারাবিয়া। এজন্য প্রধান কোচ কিকে সেতিয়েন তার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। এরপরও বন্ধ হয়নি আলোচনা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেতিয়েনকে আবারও কথা বলতে হয়েছে এই ইস্যুতে।
লা লিগায় আজ (শনিবার) ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে বার্সেলোনা। রিয়ালের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্য কাতালানদের। কিন্তু কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে ঝামেলায় পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ছে বার্সেলোনায়। যদিও সেতিয়েন বলছেন অন্য কথা, ‘খেলোয়াড়দের সঙ্গে আমাদের কোনও ঝামেলা নেই। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে আমরা সবাই খুশি। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। খেলোয়াড়দের আমরা (কোচিং স্টাফ) যা বলছি, তারা তা মেনে নিচ্ছে এবং সবার আচরণও দারুণ।’
কিন্তু এরপরও যে থামছে না সারাবিয়ার অশোভন আচরণের ইস্যু? সেতিয়েন বললেন, ‘আমার মনে হয় না বিষয়টি নিয়ে আর বেশি কথা বলা উচিত। এদের সারাবিয়া যেভাবে নিজেকে উপস্থাপন করেছে, সেটি অবশ্যই ভুল ছিল। আর সেজন্য ক্ষমাও চাওয়া হয়েছে।’
সামনের ম্যাচগুলোতেও কি ডাগআউটে দেখা যাবে সহকারী কোচকে? বার্সার প্রধান কোচের স্পষ্ট জবাব, ‘সে যেভাবে সবসময় থেকেছে (ডাগআউটে), ঠিক সেভাবেই থাকবে।’








