২৩ ডিসেম্বর কেরালায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের খেলতে পারছেন না আক্রমণভাগের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় অভিজ্ঞ ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ও মিডফিল্ডার আব্দুল বাতেন মজুমদার কোমল।
এমিলির হাঁটুতে ও কোমলের লিগামেন্টের সমস্যা রয়েছে। গতকাল দুজনেই শরণাপন্ন হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে।
উল্লেখ্য, ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশ ফুটবল দলের প্রধান চিকিৎসক ছিলেন দেবাশীষ।
এমিলি এবং কোমল দুজনেই কোচ মারুফের কাছে নিজেদের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। জানা গেছে দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের কেউই সাফ শুরুর আগেই পুরোপুরি ফিট হবেন না। তাই গত ৫টি সাফ আসরে খেলা অভিজ্ঞ জাহিদ হাসান এমিলি ছাড়াই বাংলাদেশ দল এবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে।
কোমল সাম্প্রতিক সময়ে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছিলেন। মাঝমাঠে এবং উইংয়ে তিনি দলের অপরিহার্য খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন।
কোচ মারুফ দুই খেলোয়াড়ের অনুপস্থিতিকে সহজ ভাবেই নিচ্ছেন। তিনি বলেন, ‘ ওরা দুজনেই আমার প্রাথমিক পরিকল্পনায় ছিল। কিন্তু ইনজুরিতে পড়ায় কিছুই করার নেই। আমার জন্য এটি আঘাত বটে। তবে দলের সার্বিক অবস্থায় এটি যাতে কোনও প্রভাব ফেলতে না পারে সেটি নিয়েই এখন ভাবছি।’
আগামী সপ্তাহে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কেরালার ত্রিবান্দামের উদ্দেশ্যে ২০ ডিসেম্বর দেশ ছাড়বে মারুফুল হকের শিষ্যরা।
/আরএম/এফআইআর/








