মেয়েদের ফুটবল লিগে হেরেই চলেছে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচেও হেরে গেলো তারা। এদিন বেগম আনোয়ারা স্পোর্টিং তাদের হারিয়েছে ৩-১ গোলে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচের প্রথমার্ধে আনোয়ারা স্পোর্টিং ২-০ গোলে এগিয়ে ছিল। দলের হয়ে সাদিয়া ১১ ও ইলামনি ৩৬ মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধে স্বপ্না দলের হয়ে তৃতীয় গোল করে প্রতিপক্ষকে ছিটকে দেন।
৭৯ মিনিটে সিলেটের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন বিপাশা।
লিগে ৫ ম্যাচে আনোয়ারা স্পোর্টিং ক্লাবের এটি দ্বিতীয় জয়। বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে।








