গোল শোধে কম চেষ্টা করেনি পুলিশ এফসি। কিন্তু রহমতগঞ্জের সঙ্গে পেরে ওঠেনি। দুই অর্ধে দুই গোলের সুবাদে পুরোনো ঢাকার দলটি প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। শুক্রবার পুলিশকে তারা হারিয়েছে ২-০ গোলে।
টানা দ্বিতীয় জয়ে ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট হলো রহমতগঞ্জের। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় হারে পুলিশ এফসির পয়েন্ট ৫।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ দেখেছে রহমতগঞ্জের দাপট। তবে বেশ কয়েকটি আক্রমণকে সফল পরিণতি না দিতে পারা রহমতগঞ্জ ৪৩ মিনিটে পায় প্রথম গোল।
সানোয়ারের পাসে তুরায়েভ আখোবির গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান।
এক গোলে পিছিয়ে থেকে পুলিশ এফসি ম্যাচে ফেরার চেষ্টা করে। ৭১ মিনিটে স্বাধীনের ক্রসে লুকা রতকোভিচ দারুণ একটি সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি।
উল্টো ম্যাচের যোগ করা সময়ে রহমতগঞ্জ পেয়ে যায় জয় নিশ্চিত করা দ্বিতীয় গোর। নাইজেরিয়ান ইগি কাস্টানের শট গোলকিপারের শরীরে লেগে ফিরে এলে সানোয়ার সেটি পাঠিয়ে দেন কাঙ্ক্ষিত ঠিকানায়।








